আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬২২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন দেড় হাজারের বেশি মানুষ। এখনও অনেকে নিখোঁজ থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রোববার (৩১ আগস্ট) গভীর রাতে দেশটির পূর্বাঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে। সোমবার তালেবান সরকারের বরাতে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
তবে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারক রেডিও টেলিভিশন আফগানিস্তানের (আরটিএ) প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫০০ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় এক হাজার মানুষ।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিলো মাত্র ৮ কিলোমিটার (৫ মাইল)। এরপর আরও অন্তত তিনটি পরাঘাত বা আফটারশক হয়েছে, যার মাত্রা ছিলো ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে।
রাতে গভীর ঘুমে থাকায় বেশিরভাগ মানুষই চাপা পড়ে মারা গেছেন। সবচেয়ে প্রাণহানি ও ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির কুনার প্রদেশে। সেখানে বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
আফগান তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রদেশের নূর গাল, সাওকি, ওয়াতপুর, মানোগি এবং চাপা দারা জেলায় বহু হতাহতের খবর পাওয়া গেছে।
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল হওয়ায় এখনও অনেক এলাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
তালেবান সরকার জানিয়েছে, দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় ক্ষতিগ্রস্ত অঞ্চলে প্রাথমিকভাবে স্থানীয় প্রশাসন ও বাসিন্দারা উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে পর্যাপ্ত সরঞ্জাম না থাকায়, তালেবান সরকার দুর্গম এলাকায় উদ্ধারকাজে সহায়তার জন্য আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর আহ্বান জানিয়েছে।
আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, স্থানীয় প্রশাসন ও বাসিন্দারা উদ্ধার কাজে নেমেছেন। এছাড়া কেন্দ্রীয় ও পার্শ্ববর্তী প্রদেশগুলো থেকেও সহায়তা দল ঘটনাস্থলের পৌঁছানোর চেষ্টা করছে।
