শনিবার, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

স্মিথের নেতৃত্বে শ্রীলঙ্কা সফরে অস্ট্রেলিয়া, বাদ পড়লেন মার্শ

গোড়ালির চোটের পাশাপাশি পিতৃত্বকালীন ছুটি নিয়ে শ্রীলঙ্কা সিরিজ থেকে বিশ্রাম নিয়েছেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। তার অনুপস্থিতিতে লঙ্কান সফরে অস্ট্রেলিয়ার নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ। দলে প্রথমবার ডাক পেয়েছেন কুপার কোনোলি। ভারত সিরিজে যোগ্যতার প্রমাণ দিয়ে এ সিরিজে জায়গা করে নিয়েছেন নাথান ম্যাকসুইনি, স্যাম কনস্টাস ও বো ওয়েবস্টার। ফর্ম হারিয়ে বাদ পড়েছেন মিচেল মার্শ।

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি মাসের শেষে শ্রীলঙ্কা সফরে যাবে অস্ট্রেলিয়া। সিরিজকে সামনে রেখে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

শ্রীলঙ্কার পিচ কন্ডিশন বিবেচনায় নিয়ে দলে নেয়া হয়েছে তিন বিশেষজ্ঞ স্পিনার। নাথান লায়নের নেতৃত্বে স্পিন বিভাগে অন্য দুই মুখ ম্যাট কুহনেম্যান ও টড মার্ফি। দলে প্রথমবার ডাক পাওয়া ২১ বছর বয়সি কোনোলিকেও ব্যবহার করা যাবে স্পিনার হিসেবে। যদিও তিনি ডাক পেয়েছেন ব্যাটিং অলরাউন্ডার হিসেবেই।

এছাড়া ভারত সিরিজে দারুণ পারফরম্যান্স করে শ্রীলঙ্কা সফরের দলে জায়গা করে নিয়েছেন কনস্টাস, ম্যাকসুইনি ও ওয়েবস্টার। তবে ১৬ সদস্যের দলে জায়গা হয়নি মিচেল মার্শের। ভারত সিরিজে চার ম্যাচে ব্যর্থ হয়ে জায়গা হারিয়েছেন তিনি।

এ সফরে থাকবেন না নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। তার স্ত্রী সন্তানসম্ভবা। দ্বিতীয় সন্তান জন্মের সময় পাশে থাকতে পিতৃত্বকালীন ছুটি নিয়েছেন তিনি। পাশাপাশি গোড়ালিতে পাওয়া চোট থেকে সেরে উঠতেও বিশ্রাম প্রয়োজন তার।

সফরে থাকছেন না জশ হ্যাজেলউডও। ইনজুরির কারণে ভারত সিরিজ থেকে ছিটকে যাওয়া এ পেসার আপাতত নিজেকে প্রস্তুত করে তুলছেন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। পেস বিভাগে মিচেল স্টার্কের নেতৃত্বে আক্রমণ শাণাবেন স্কট বোল্যান্ড ও শন অ্যাবট।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ২৯ জানুয়ারি আর দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠ গড়াবে ৬ ফেব্রুয়ারি। দুটি ম্যাচই গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

অস্ট্রেলিয়া স্কোয়াড: স্টিভেন স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, কুপার কোনোলি, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, স্যাম কনস্টাস, ম্যাট কুহনেম্যান, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, নাথান ম্যাকসুইনি, টড মার্ফি, মিচেল স্টার্ক ও বো ওয়েবস্টার।

আরও পড়ুন