স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের পরাজয় ছিলো শুধু সময়ের ব্যাপার। ব্যাটিং ব্যর্থতায় মঙ্গলবার ম্যাচের শেষ দিনে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে ১৩২ রানে গুটিয়ে গেলে ২০১ রানের বড় জয়ে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে যায় ক্যারিবিয়রা।
অ্যান্টিগা টেস্টের শেষ দিনে আগের দিনের ১০৯ রান নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। হাতে ছিলো উইকেট। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার জাকের আলি ও হাসান মাহমুদ খেলতে নেমে দ্বিতীয় ওভারেই ভেঙে যায় এই জুটি। ১২ বলে শূন্য রান করে জোসেফের বলে সাজঘরে ফিরে যান হাসান মাহমুদ।
হাসান মাহমুদের বিদায়ের পর জুটি গড়েন তাসকিন ও জাকের আলি। তবে তারাও ব্যর্থ হন নিজেদের জুটিকে বেশিদূ র নিয়ে যেতে। দলীয় ১২৯ রানে জাকেরের বিদায়ে ভাঙে ১৬ রানের জুটি। জাকেরের বিদায়ের পর ক্রিজে আসেন পেসার শরিফুল ইসলাম। তবে মাত্র ৪ বল খেলার পর রিটায়ার্ড হার্ট হয়ে ফেরেন শরিফুল।
পঞ্চম দিনে প্রথম সেশনে মাত্র ৭ ওভার টিকেছে বাংলাদেশ। শেষ ৩ উইকেটে যোগ হয়েছে ২৩ রান। ফলে স্বাগতিকরা তুলে নেয় ২০১ রানের বিশাল জয়। এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো ওয়েস্ট ইন্ডজ। দুই ম্যাচ সিরিজের শেষ টেস্ট শুরু হবে ৩০ নভেম্বর কিংসটনে।
চতুর্থ দিনে তাসকিন আহমেদের টেস্ট ইনিংসসেরা বোলিংয়ে (৬/৬৪) উইন্ডিজ দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ১৫২ রানে। তাতে বাংলাদেশের টার্গেট হয় ৩৩৪ রান। ৩৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় টেস্টের চতুর্থ দিন শেষে বাংলাদেশ তুলেছিল ৭ উইকেটে ১০৯ রান।
এর আগে অ্যান্টিগা টেস্টে ৪৫০ রানে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ৪০ রান সংগ্রহ করে দ্বিতীয় দিন শেষ করে বাংলাদেশ। এরপর তৃতীয় দিনের প্রথম সেশনটা নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ।
দিনের শুরুতে শাহাদাত হোসেন দিপু ফিরে গেলেও মুমিনুল হক ও লিটন দাস মিলে বাংলাদেশকে ভালো সংগ্রহের দিকে নিয়ে যেতে থাকেন। তবে দ্বিতীয় সেশনে ছন্দ হারান এই দুই ব্যাটার। ব্যক্তিগত অর্ধশতক তুলে নিয়ে প্যাভিলিয়নে ফিরে যান মুমিনুল হক। মুমিনুলের পর ৪০ রান করে ফিরে যান লিটন দাস।
তাদের বিদায়ে ফলোঅনের শঙ্কায় পড়ে বাংলাদেশ। তবে জাকের আলি ও তাইজুল ইসলামের ব্যাটে ফলোঅন এড়ায় টাইগাররা। ৯ উইকেট হারিয়ে ২৬৯ রান সংগ্রহ করে তৃতীয় দিনের খেলা শেষ করে লাল-সবুজের প্রতিনিধিরা। আর চতুর্থ দিন ব্যাটিংয়ে না নেমে ইনিংস ঘোষণা করে তারা।
বাংলাদেশের ইনিংস ঘোষণার পর ১৮১ রানে এগিয়ে থেকে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। তবে নিজেদের দ্বিতীয় ইনিংসটা ভালো হয়নি স্বাগতিকদের। টাইগার পেসার তাসকিনের বোলিং তোপে ১৫২ রানে অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাসকিন একাই নিয়েছেন ৬ উইকেট। ১৫২ রানে অলআউট হওয়ায় তাদের লিড দাঁড়ায় ৩৩৩। জবাবে ব্যাট করত নেমে ১৩২ রানেই থামল বাংলাদেশ।
