জুলাই ঘোষণাপত্র এবং আসন্ন জাতীয় নির্বাচনের সময়সীমা নির্ধারণের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান আইন-শৃঙ্খলার পরিস্থিতিতেই সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন সম্ভব।
বুধবার (৬ আগস্ট) সকালে রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশের জনগণ নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। জাতীয় নির্বাচনে আইন-শৃঙ্খলার পরিস্থিতি বিষয়ে জনগণের প্রহরী হয়ে দাঁড়াবে।
তিনি আরও বলেন, ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের পর নতুন আশার সৃষ্টি হয়েছে মানুষের মনে। একইসাথে বিএনপি মনে করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সরকার ও নির্বাচন কমিশন সব কিছু করবে।
এসময় দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, সংস্কারের ক্ষেত্রে যে-সব বিষয়ে ঐকমত্য হয়েছে তা বাস্তবায়ন করবে পরের নির্বাচিত সংসদ। যে সমাধান দেয়া হয়েছে বিএনপি সেটিকে সাংবিধানিকভাবে বৈধ মনে করে বলেও জানান তিনি।
এর আগে মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরপর রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ লক্ষ্যে নির্বাচন কমিশনকে চিঠি দেয়া হবে, যেন রমজানের আগেই ভোটগ্রহণের ব্যবস্থা করা যায়।
