শনিবার, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চড়া রোদ আর কয়দিন, এরপর স্বস্তি নিয়ে আসছে বৃষ্টি

মঙ্গলবার ঢাকাসহ দেশের বেশ কিছু অঞ্চলে একপশলা বৃষ্টি হলেও গরম কমেনি। তবে বুধবার (১১ জুন) সকাল থেকেই রোদটা যেন আরও চড়া। রোদ আর ভ্যাপসা গরমে বাঙালির জীবন যখন হাঁসফাঁস, তখন এ নিয়ে সুখবর দিলো আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, ১৫ জুনের পর মৌসুমি বায়ু সক্রিয় হয়ে টানা বৃষ্টি শুরু হলে স্বস্তি মিলবে। তখন চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাত বেশি হতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, ঢাকাসহ দেশের ৪৯ জেলার ওপর দিয়ে মাঝারি থেকে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ছয় বিভাগ ও দুই জেলার ওপর দিয়ে এ তাপপ্রবাহ বইছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার (১২ জুন) সকাল ৯টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

সংস্থাটি জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া নীলফামারী জেলার ওপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলাসহ রংপুর বিভাগের অবশিষ্টাংশ, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন