তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমকে চট্টগ্রামের পাঁচলাইশ আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্রসহ (এনআইডি) নাগরিকদের বিভিন্ন ধরনের তথ্য চুরি ও বিক্রির অভিযোগে মামলা রয়েছে।
অভিযোগ রয়েছে, তিনি ব্যক্তিগত সব তথ্য বিক্রি করে ২০ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন।
বুধবার (৫ মার্চ) রাতে নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকার জনৈক চিকিৎসকের বাসায় আত্মগোপন থাকা অবস্থায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে জানান সিএমপির পাঁচলাইশ থানার ওসি মো.সোলেয়মান।
তিনি জানান, চট্টগ্রাম থেকে গ্রেপ্তারের পর বুধবার রাতে সাবেক এই সচিবকে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম ঢাকায় নিয়ে রওনা হয়।
পুলিশ জানান, এনআইডির তথ্য ব্যবহার করে ডিজিকন গ্লোবাল সার্ভিসেস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে ব্যবসার অনুমতি দেয়ার অভিযোগে ঢাকার কাফরুল থানায় একটি মামলা করা হয় সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের বিরুদ্ধে। এনামুল হক নামের একজন ব্যক্তি গত বছরের ৯ অক্টোবর মামলাটি করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলকসহ ১৯ জনের নাম উল্লেখ করা হয়।
অভিযোগে জানা গেছে, এজাহারে উল্লিখিত আসামিরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ফাঁস ও বিক্রি করতেন। ওই প্রতিষ্ঠানের (ডিজিকন) মাধ্যমে জাতীয় নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত না করে এনআইডির তথ্য দেশবিদেশের প্রায় ১৮২টি প্রতিষ্ঠানের কাছে বিক্রি প্রায় ২০ হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।
