ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, অনিবার্য কারণবশত ২৭ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত সরকারি সাত কলেজের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এর আগে পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর স্বাক্ষর করা অপর এক বিজ্ঞপ্তিতে রোববার বলা হয়, ঢাকা কলেজের অধ্যক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সাত কলেজের সোমবারের (২৭ জানুয়ারি) সব পরীক্ষা স্থগিত করা হলো। এই পরীক্ষার তারিখ পরে বিজ্ঞপ্তিতে জানানো হবে।
তার আগে সোমবারের সব পরীক্ষা ও ক্লাস স্থগিত করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার সন্ধ্যা ৬টার দিকে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, এদিন বিকেলে সাত কলেজের শিক্ষার্থীরা ৫ দফা দাবির অগ্রগতি সম্পর্কে জানতে ঢাবি প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি তাদের সঙ্গে অসদাচরণ করেন।
পরে রাত ১১টার দিকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের বাসভবন অভিমুখে যাত্রা করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত অন্যান্য কলেজের শিক্ষার্থীরা।
মিছিল প্রতিরোধ করতে জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নীলক্ষেত মোড়ে মুখোমুখি অবস্থান নেয় দুই পক্ষ। এরপর শুরু হয় ইট-পাটকেল নিক্ষেপ ও পাল্টা-পাল্টা ধাওয়া।
রাত ১টার দিকে ঘটনাস্থলে আসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ফিরে যান তিনি।
রাত ৩টা পর্যন্ত চলা সংঘর্ষে রণক্ষেত্রে রূপ নেয় নীলক্ষেত মোড়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দফায় দফায় টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। পরে এলাকায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
সংঘর্ষের ঘটনায় এক পথচারীসহ কয়েকজন আহত হয়েছেন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
