সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে এন্ট্রি পদ সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন-ভাতা দেওয়া, শতভাগ শিক্ষককে পদোন্নতিসহ তিনদ ফা দাবিতে মহাসমাবেশ করছে প্রাথমিক শিক্ষকদের ছয়টি আলাদা সংগঠনের মোর্চা ‘সহকরী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ।
শনিবার (৩০ আগস্ট) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক মহাসমাবেশে এসব দাবি জানান তারা।সারাদেশ থেকে কয়েক হাজার শিক্ষক সমাবেশ উপস্থিত হন।
সমাবেশে বক্তারা বলেন, শিক্ষকরাই জাতি গড়ার কারিগর। অথচ তাদের নানাভাবে বঞ্চিত করা হচ্ছে। শিক্ষকদের দাবিগুলো মেনে নিতে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, আজকের মধ্যে স্পষ্ট প্রতিশ্রুতি না পেলে সমাবেশ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করবেন তারা।
শিক্ষকদের তিন দফা দাবি হলো- সহকারী শিক্ষকদের এন্ট্রি পদে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ, প্রধান শিক্ষকের শূন্য পদে শতভাগ পদোন্নতির মাধ্যমে পূরণ এবং ১০ ও ১৬ বছরের উচ্চতর গ্রেড প্রদানে উন্নীত স্কেলকে উচ্চতর গ্রেড হিসেবে গণ্য না করা।
তিন দফা দাবি আদায়ে দীর্ঘদিন ধরেই প্রাথমিকের শিক্ষকরা আন্দোলন করে আসছেন। চলতি বছরের পাঁচ মে থেকে ১৫ মে পর্যন্ত সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সব কর্মদিবসে এক ঘণ্টা করে কর্মবিরতি শুরু করেন তারা। এরপর ১৭ মে থেকে দুই ঘণ্টা এবং ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত আধাবেলা কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। সবশেষ বেতন-ভাতা বৃদ্ধি, পদোন্নতিসহ চার দফা দাবিতে গত ১৮ জুলােই কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ‘বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি’। সমাবেশ থেকে দাবি আদায়ে সরকারকে আলটিমেটাম দেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
