শনিবার, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

কিছু দল পণ করেছে পিআর ছাড়া নির্বাচনে যাবে না: মির্জা ফখরুল

পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতি ছাড়া কিছু দল নির্বাচনে না যাওয়ার পণ করেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিন্তু যে দেশে ইভিএমেই মানুষ ভোট দিতে পারেনি সেখানে আনুপাতিক ভোট তো জনগণ বোঝেই না!

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিউল বারী স্মৃতি সংসদ এই অনুষ্ঠানের আয়োজন করে।

বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষ যেটাতে অভ্যস্ত সেই ভোটের ব্যবস্থা করেন। তাদের প্রতিনিধিত্বের ব্যবস্থা করেন। তাহলে সমস্যাগুলোর সমাধান হবে, না হলে হবে না।

তিনি আরও বলেন, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, অবিলম্বে সংস্কারগুলো শেষ করুন। জাতীয় সনদ ঘোষণা করুন। আর দয়া করে নির্বাচনের যে তারিখটা নির্ধারণ করেছেন, সেই সময়টাতে নির্বাচন দিন। মানুষকে তার অধিকার ফিরিয়ে দিন, ভোটের অধিকার ফিরিয়ে দিন।

এসময় লন্ডন বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

সংস্কারকে ভয় নয়, বিএনপি সংস্কারকে স্বাগত জানায় বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে ১২টি মৌলিক বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছানোয় তাদের ধন্যবাদ জানান মির্জা ফখরুল।

আরও পড়ুন