মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃৎস্পন্দন: প্রধান উপদেষ্টা

চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃৎস্পন্দন। এ বন্দরকে বাদ দিয়ে দেশের অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৪ মে) সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বন্দরকে বাদ দিয়ে অর্থনীতির নতুন পথ খোলা সম্ভব নয়। বন্দরের উন্নয়ন নিয়ে আগে শুধু লেখালেখি করেছি, এবার সুযোগ পেয়েছি নিজের চোখে দেখার এবং কাজ শুরু করার।

তিনি জানান, প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই বন্দরের সক্ষমতা বাড়াতে কার্যকর উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন, প্রথম দিন থেকেই চেষ্টা করছি এটিকে একটি সত্যিকারের আন্তর্জাতিক মানের বন্দর হিসেবে গড়ে তুলতে।

চট্টগ্রাম বন্দরের কর্মদক্ষতা ও সক্ষমতা আরও বাড়াতে আন্তর্জাতিক সহযোগিতা ও বিদেশিদের সম্পৃক্ত করার পরামর্শ দেন তিনি।

সরকারপ্রধান বলেন, এই হৃদয়কে প্রতিবেশীদের সঙ্গে যুক্ত করতে হবে। আমি এজন্য নেপাল ও ভারতের সাত বোন (উত্তর–পূর্বাঞ্চলীয় সাত রাজ্য) নিয়ে বলেছি। তারা যদি এর সঙ্গে যুক্ত হয়, তারা যেমন উপকৃত হবে, তেমনি আমরাও। আর যারা যুক্ত হবে না, তারাই ক্ষতিগ্রস্ত হবে।

শৈশবে চট্টগ্রাম বন্দর ঘিরে নিজের স্মৃতিচারণ করে প্রধান উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বন্দর আমার কাছে নতুন নয়। শৈশব থেকেই এর সঙ্গে পরিচিত। এ বন্দর অনেক পরিবর্তিত হয়েছে, তবে দুঃখের বিষয় -এ পরিবর্তনের গতি ধীর। আমি যখন সুযোগ পেয়েছি, তখন থেকেই ভাবছিলাম কী করা যায়।

তিনি বলেন, বিশ্ব অনেক এগিয়ে গেছে, কিন্তু আমরা অনেক পিছিয়ে রয়েছি। কেউ এই বন্দরের উন্নয়ন নিয়ে ভাবে না। এজন্যই আমি পরিবর্তনের কথা বলেছি। আমি বলেছি, বন্দরের পরিচালনার দায়িত্ব বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোকে দিতে হবে। আশা করি সবাই এটি বুঝবে।

আরও পড়ুন