কক্সবাজারের মহেশখালীতে রাতের আঁধারে বাড়ির জানালা ভেঙে বাড়িতে ঢুকে এক গৃহবধূকে হাত-পা বেঁধে পাশবিক নির্যাতন চালানোর পর ধর্ষণ করে সাড়ে ৩ লাখ টাকা লুট করেছে একদল মুখোশধারী সন্ত্রাসী।
বুধবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কালারমার ছাড়া ইউনিয়নের সোনার পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আহত গৃহবধূ বর্তমানে মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে ভুক্তভোগী নারী বলেন, আমার স্বামী চিকিৎসার কাজে চট্টগ্রাম শহরে রয়েছেন। বুধবার রাতে বাড়িতে আমি ও আমার ননদ প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়ি। রাত আনুমানিক তিনটার দিকে আমার বাড়ির জানালা ভেঙে কয়েকজন সন্ত্রাসী আমার মুখ চেপে ধরে হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর কয়েকজন মিলে আমার শরীরের স্পর্শকাতর স্থানে আঘাত করে এবং তাদেরকে আলমারির চাবি দিতে রাজি না হওয়ায় জোরপূর্বক একজন আমাকে ধর্ষণ করে। পরে তারা আমার কোমরে থাকা চাবি ছিনিয়ে নিয়ে আলমারির ভেতরে রাখা সাড়ে তিন লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, জমি অধিগ্রহণ থেকে উত্তলন করা টাকা পারিবারিক ভাগ-বাটোয়ারার পর আমার স্বামী প্রায় ৪ লাখ টাকা পান। সেখান থেকে পারিবারিক কাজে কিছু খরচ করে বাকি ৩ লাখ ৫০ হাজার টাকা বাপের বাৎসরিক মেজবান ও মায়ের ওমরাহর জন্য জমা রাখে। সেই টাকাই লুট করেছে ডাকাতরা।
মহেশখালী থানার ওসি কায়সার হামিদ বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। আর অজ্ঞাতনামা ৫ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছি।
