পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে বাংলাদেশ ও পাকিস্তান একমত হয়েছে। উভয়পক্ষ আলোচনার মাধ্যমে সমস্যাগুলো পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে চায়।
রোববার (২৪ আগস্ট) বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।
উপদেষ্টা জানান, সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেটি তাদের দিকের অবস্থান। বাংলাদেশ চায় গণহত্যার জন্য পাকিস্তান ক্ষমা চাক, আটকে পড়াদের ফিরিয়ে নিক এবং যুদ্ধের ক্ষতিপূরণ দিক।
তিনি জানান, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক সই হয়েছে। এছাড়াও পারস্পরিক মর্যাদার ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে আলোচনা হয়েছে এবং অমীমাংসিত ইস্যু নিয়ে কথা হয়েছে।
আর যেসব বিষয়ে সমঝোতা স্মারক সই হয়েছে সেগুলো হলো- দুই দেশের বাণিজ্যবিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন, সংস্কৃতি বিনিময়, দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা, দুই দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থার (বাসস ও এপিপিসি) মধ্যে সহযোগিতা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) সঙ্গে পাকিস্তানের ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ ইসলামাবাদের (আইএসএসআই) সহযোগিতা।
