একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরসহ ৪৯ আসামির সকলের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি ২৪ জুলাই পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ।
আপিলের ওপর প্রথম দিনের শুনানি শেষে বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগে পরবর্তী এই দিন ঠিক করেন।
এই মামলার পলাতক দুই আসামি মো. হানিফ ও মাওলানা তাজউদ্দীনের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহানকে নিয়োগ দিয়েছে আপিল বিভাগ।
আজ রাষ্ট্রপক্ষের শুনানি করেন ডিএজি আবদুল্লাহ আল মাসুদ।
এর আগে গত বছরের ১ ডিসেম্বর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবারসহ ১৯ জনের মৃত্যুদণ্ড এবং তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন এবং ১১ জনের বিভিন্ন মেয়াদের দণ্ড মওকুফ করে রায় দেয় হাইকোর্ট। একই সাথে বিচারিক আদালতের রায়কে অবৈধ ঘোষণা করে হাইকোর্ট।
এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভটু আপিল করলে গত ১ জুন তা মঞ্জুর করে আপিল করার অনুমতি দেয় প্রধান বিচারপতির নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ।
২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এক সমাবেশে শেখ হাসিনাসহ নেতাকর্মীদের ওপর হামলা হয়। এতে দলটির নেতাকর্মীসহ ২৪ জন নিহত হন। আহত হন কয়েকশ’ নেতাকর্মী। ওই হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুইটি মামলা হয়।
