রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১ জুলাই

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আগামী ১ জুলাই।

মঙ্গলবার (২৪ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেয়।

পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী নিয়োগের সিদ্ধান্তও এসেছে ট্রাইব্যুনাল থেকে।

এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে গুমের মামলার তদন্ত শেষ করতে দুই মাস সময় দিয়েছে ট্রাইব্যুনাল। এই মামলার আরেক আসামি বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে হাজির করা হয়েছিলো।

এর আগে গত ১৭ জুন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে এক সপ্তাহের মধ্যে আদালতে হাজির হতে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। ২৪ জুন এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসামিরা আত্মসমর্পণ না করলে তাদের অনুপস্থিতিতেই এ বিচারকাজ চলবে। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া সত্ত্বেও তারা পলাতক ও আত্মগোপনে থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গেলো ১ জুন শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। মামলার অপর দুই আসামি হলেন- আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী মামুন। একইসঙ্গে এই মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামা কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

এদিকে এদিন সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানায়, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় হত্যার পর ছয়জনের মরদেহ পোড়ানোর ঘটনায় ১৬ জনের সম্পৃক্ততা পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এ মামলায় গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলামসহ সাতজনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে।

আরও পড়ুন