সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

যে কারণে ক্ষুব্ধ সালমান-জ্যোতি

নিজের বাড়িতে প্রাণী পোষেন এমন অনেক তারকাই আছেন শোবিজে। শুধু বাড়িতেই নয়, রাস্তাঘাটের পশু-পাখিদের প্রতিও মায়া রয়েছে তাদের। তারকা ছাড়াও সাধারণ মানুষদের মধ্যেও অনেকে আছেন যারা প্রাণীপ্রেমী।

এদিকে শুক্রবার (২২ নভেম্বর) রাতে রাজধানীর মোহাম্মাদপুরের জাপান গার্ডেন সিটি এলাকায় কুকুর-বিড়ালকে মেরে ফেলার ঘটনায় তোলপাড় নেটদুনিয়া। খেপেছেন তারকারাও। এদের মধ্যে রয়েছেন সালমান মুক্তাদির ও জ্যোতিকা জ্যোতি। অবলা প্রাণীগুলোর এমন করুণ মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ক্ষুব্ধতা প্রকাশ করেছেন তারা।

জানা গেছে, কয়েকটি কুকুর এবং বিড়ালকে খাবারের লোভ দেখিয়ে ডেকে নিয়ে বিষ দিয়ে মেরে ফেলেছে জাপান গার্ডেন সিটি বিল্ডিং কমিটির লোকজন। সেই ঘটনার ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই প্রাণীপ্রেমীদের আহাজারিতে ভরে ওঠে সামাজিক যোগাযোগামাধ্যম। নেটিজেনদের পাশাপাশি তারকাদের মনেও দাগ কাটে নির্মম এই ঘটনা।

 

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সালমান মুক্তাদির লিখেছেন, ‘আমাদের সঙ্গে এসব কি ঘটছে! আমাদের আত্মা বলতে কিছু নেই, অনুভূতি নেই। মানুষ নিজেই জানোয়ার। পশু-পাখিদের জানোয়ার ডাকার কোনো পয়েন্ট নাই এখন আর। আমরা জানোয়ার হয়ে গেছি। প্রাণী হওয়ার জন্য প্রাণের প্রতি মায়া থাকতেই হবে। আল্লাহর গজব পড়ুক তোদের ওপর। তোরাও যখন মরবি, প্রতিটা নিশ্বাসে যেন তোদের এটা মনে করিয়ে দেয়। আমি আশা করি, তোরাও এভাবে ভুগবি।’

অন্যদিকে এক ফেসবুক পোস্টে জ্যোতিকা জ্যোতি লিখেছেন, ‘মানুষ এতটা অমানুষ কিভাবে হয়? এতটা বিবেকহীন? জাপান গার্ডেন সিটি বিল্ডিং কমিটির লোকজন ছয়টি কুকুর আর একটি বিড়ালকে খাবারের সাথে বিষ দিয়ে মেরে ফেলেছে। আরও আগে থেকেই তারা এটি করতে চেয়েছিলো, পারেনি। এবার করেই ফেলল।’

শুধু তারা দুজনই নন, প্রতিবাদ জানিয়েছেন জয়া আহসানও। নেটমাধ্যমে তিনি লিখেছেন, ‘ক্ষুধার্ত কুকুরকে খাবার সেধে খাওয়ালো বিষ- ছয় কুকুর ও এক বিড়ালকে বিষ প্রয়োগে মেরে ফেলেছে জাপান গার্ডেন সিটি বিল্ডিং কমিটির লোকজন। প্রায় ৫ বছর ধরে এটি তারা চেয়েছিল। পারেনি স্থানীয় প্রাণীপ্রেমীসহ বিভিন্ন প্রাণীকল্যাণ সংস্থার প্রতিবাদে। আজ ঘটনা ঘটিয়ে দিল তারা।’

রাজধানীর মোহাম্মাদপুরের জাপান গার্ডেন সিটি এলাকায় বেওয়ারিশ কুকুরের দৌরাত্ম বেড়েছে বলে অভিযোগ রয়েছে। ফলে এসব প্রাণীদের প্রতি একরকম তিক্ত অভিজ্ঞতার শিকার হচ্ছেন সেখানকার বাসিন্দারা। সামাজিক মাধ্যমে কুকুরের প্রতি বিভিন্ন অভিযোগ এনে পোস্ট করেছেন অনেকে। এতে দেখা যায়, সেখানকার শিশুদের কুকুর কামড়েছে বলে অভিযোগ আনা হচ্ছে।

এমন অবস্থায় দীর্ঘদিন ধরেই জাপান গার্ডেন সিটি বাসির পক্ষ থেকে বেওয়ারিশ কুকুর নিধনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা ছিল। এবার সেটাই ঘটানো হয়েছে। এর ফলে বেশ সংখ্যক কুকুরকে মেরে ফেলেছে জেজিসি লাইফ সোসাইটি নামের একটি টিম।

এ ঘটনায় সকল প্রাণীহত্যার নিন্দা জানানোর পাশাপাশি আইনি ব্যবস্থাও নেওয়ার দাবিও তুলেছেন প্রাণীপ্রেমীরা।

আরও পড়ুন